দিনাজপুরে করোনায় কনস্টেবলের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৪:৫১
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দিনাজপুরের বীরগঞ্জ থানায় এনামুল হক (৪৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
এনামুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গইছপাড়া গ্রামে।
বীরগঞ্জ থানা পুলিশের কাছে জানা যায়, কনস্টেবল এনামুল গত মাসে অসুস্থ্ হন। পরে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। চলতি মাসের ২ তারিখে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতেই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পরদিন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে এনামুলকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার সকালে ঢাকা পৌঁছানোর আগেই রাস্তায় এনামুলের মৃত্যু হয়।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ১০/১২ দিন আগে বীরগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায় এনামুল অসুস্থ্ হয়ে পড়েন। তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়। তিনি করোনার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
- বিষয় :
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব
- দিনাজপুর