সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
সীতাকুণ্ড (প্রতিনিধি) চট্টগ্রাম
প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৫:৫৯
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
গত পাঁচদিনে উপজেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদনে পজিটিভ এসেছে। তিনজনের নমুনা সংগ্রহ করা হয়নি। অন্য ছয়জনের নমুনার প্রতিবেদন পাওয়া যায়নি।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ইউনিয়নের ইমামনগরের বাসিন্দা ব্যবসায়ী বেলাল উদ্দিন (৫০) এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৩ জুন তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন ভর্তি থাকার পর তিনি কিছুটা সুস্থ হলে বাড়ি চলে আসেন। গত শনিবার তার নমুনা দেওয়া হয়। মঙ্গলবার তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এছাড়া বিএমএ গেইট এলাকার বাসিন্দা বৃদ্ধ মোহাম্মদ ইব্রাহিমও (৭৫) একই উপসর্গ নিয়ে মারা যান।
এদিকে ভাটিয়ারীতে মৃত দুই ব্যক্তির লাশ দাফন করেছেন গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার স্বেচ্ছাসেবকেরা। স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম ও চেয়ারম্যান নাজিম উদ্দিন তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে দেন।
চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, করোনায় আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে মারা গেলে স্থানীয় গাউছিয়া কমিটি লাশ দাফনের দায়িত্ব পালন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
- বিষয় :
- সীতাকুণ্ড
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব