ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আরও ২ জনের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২০ | ০৮:১৬

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। 

বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলা করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. নীলিমা ইয়াছমিন জানান, উপজেলার হরিনারায়ণপুর মহল্লায় এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেনG সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। 

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই নারী ৫ জুন হাসপাতালে এসে নমুনা পরীক্ষার জন্য দিয়ে যান। ৭ জুন পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে বাড়িতে তিনি হোম আইসোলেশনে ছিলেন। সকাল ৮টার দিকে তিনি মারা যান। এ নিয়ে সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান সরদার  জানান, সরকারি নিয়ম মেনে ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে মৃত নারীর দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

অন্যদিকে, সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক পল্লী চিকিৎসক (৩৫) মারা গেছেন। 

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নির্নয় পাল জনান, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন এলাকার ওই পল্লী চিকিৎসক করোনার উপসর্গ নিয়ে গত ৩ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষার জন্য দিয়ে যান। গত ৬ জুন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। 

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০১ জন। এদের মধ্যে মারা গেছেন ৩২ জন। সুস্থ হয়েছেন ২৩২ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। 



আরও পড়ুন

×