আদমদীঘিতে চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০১:১৩
বগুড়ার আদমদীঘির একটি ক্লিনিকের চিকিৎসক ও সেবিকাসহ আরও ৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এ নিয়ে আদমদীঘি উপজেলায় ২০ জনের করোনা শনাক্ত হলো।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, সুরমা ক্লিনিকে আসা ডা. আনজুমান আরা বেগমের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গত ৩১ মে সুরমা ক্লিনিকে কর্মরত চিকিৎসকসহ অন্যান্য স্থানের ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ৩০ জনের রিপোর্ট পাওয়া যায়। এতে সুরমা ক্লিনিকের ডা. মাসুদ আলী (৪৫), সেবিকা লিপি (২৪) ও আয়া তারামনির (৩১) নমুনা পজিটিভ আসে। এ ছাড়া সম্রাট (৩২) নামে ওষুধ কোম্পানি অপসোনিনের এক রিপ্রেজেন্টেটিভ এবং আহমুল্লা (৩৫) নামে আদমদীঘির এক বাসিন্দার নমুনা পরীক্ষার ফলও পজিটিভ আসে।
ডা. শহীদুল্লাহ জানান, নতুন শনাক্ত পাঁচজনের শরীরে করোনাভাইরাসের তেমন উপসর্গ নেই। তাদের নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে উপজেলায় ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই ২০ জনের মধ্যে শুধু হিসাবরক্ষণ অফিসের অডিটরের মাঝে উপসর্গ লক্ষ্য করা গেছে। অন্যরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
সুরমা ক্লিনিকের পরিচালক লিটন দেওয়ান জানান, ডা. মাসুদ আলী দেওয়ানসহ ক্লিনিকের সবাই নমুনা সংগ্রহের পর থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব