ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের
×

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৮:০২

নীলফামারীর ডোমার উপজেলায় যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের এক নারী ও তাঁর দুই ছেলে রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাদিয়াপাড়া এলাকার ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানী (২৮) এবং তাঁর দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ প্রতিমা রানী এবং তাঁর দুই ছেলে নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×