ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
×

ফাইল ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২০ | ০১:২১

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে রাশেদ কামাল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার নানুপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ কামাল উপজেলার নানুপুর ইউনিয়নের মোহাম্মদ আবদুর রব্বানীর ছেলে। তিনি নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ছিলেন। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহ মাজার এলাকায় রাশেদ কামাল কয়েক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। এ সময় সিএনজি অটোরিকশা যোগে ৪/৫ জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এতে তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা কামালকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক গুলি লেগেছে। এছাড়া মুখে ও থুতনিতে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামালের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

×