করোনা ও উপসর্গে পটুয়াখালীর ৩ জনের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:১৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পটুয়াখালীর তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়। তারা হলেন- কলাপাড়ার আবদুর রশিদ মিয়া (৭২) ও ফরিদ উদ্দিন খলিফা (৬৫)। তারা দু'জনেই অবসরপ্রাপ্ত শিক্ষক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলাপাড়ার নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ মিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান। গত ৬ জুন তার দেহে করোনাভাইরাস শনাক্ত হলে ৮ জুন ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামের ফরিদ উদ্দিন খলিফা করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে বরিশালে মারা যান। তিনি ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া আল-মদিনা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা গোলামুর রহমান (৪৫) বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার টেংরাখালী গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি টেংরাখালী গ্রামের প্রয়াত নূর মোহাম্মদ খলিফার একমাত্র সন্তান। গত ৭/৮ দিন যাবৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।
এ ছাড়া গত ৪ জুন জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. মজিবুর আকন (৪৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে। একই রিপোর্টে তার স্ত্রীর নমুনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিড-১৯’র বিধি অনুয়াযী তাকে দাফন করা হয়। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মির্জাগঞ্জে মারা যাওয়া মজিবুর আকনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ ছাড়া কলাপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব