নতুন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই যুবকের
কুড়িগ্রাম (ফুলবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:১৯ | আপডেট: ১২ জুন ২০২০ | ০৪:৩৫
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট বাজারের পাশে নবনির্মিত একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে আল আমিন (৩০) ও সুজন মিয়া (৩৭) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত রাজমিস্ত্রি আল আমিন কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাটারী গ্রামের আউয়াল মিয়ার ছেলে এবং সুজন মিয়া একই ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে।
নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আউয়ালের নবনির্মিত বাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়। শুক্রবার সকাল ৯ টার দিকে ট্যাংকের ভেতরে থাকা কাঠ তোলার জন্য রাজমিস্ত্রী আল আমিন নিচে নামেন। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে সুজন মিয়া তাকে উদ্ধারের জন্য নিচে নামলে তারও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি আরও জানান, খবর পেয়ে তারা সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে যান এবং প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টার পর তাদের দু'জনকে সংজ্ঞাহীন অবস্থায় উপরে তুলে এনে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার জানান, দু'জনই হাসপাতালে আসার আগে মৃত্যুবরণ করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসান জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- যুবকের মৃত্যু
- সেফটি ট্যাংক
- কুড়িগ্রাম