নবনির্মিত বাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংকে নেমে দুই যুবকের মৃত্যু
ফাইল ছবি
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২০ | ০৪:৪২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবনির্মিত একটি বাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংকের ভিতরে নেমে আল আমিন (৩০) এবং সুজন মিয়া (৩৭) নামের দুই যুবকের মৃত্যু ঘটেছে।
শুক্রবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গারহাট বাজারের পাশে এ ঘটনা ঘটে।
মৃত রাজমিস্ত্রি আল আমিন ইউনিয়নের অনন্তপুর বালাটারী গ্রামের আউয়াল মিয়ার ছেলে এবং সুজন মিয়া একই ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে।
নাগেশ্বরী উপজেলা সদরে অবস্থিত ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আউয়ালের নবনির্মিত বাড়ির ল্যাট্রিনের সেফটি ট্যাংকের নির্মাণ কাজ শেষ হয়। এ অবস্হায় সকাল ৯ টার দিকে সেফটি ট্যাংকের ভিতরে থাকা কাঠ তোলার জন্য রাজমিস্ত্রী আল আমিন নিচে নামে। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে সকাল সাড়ে ৯ টার দিকে স্হানীয় যুবক সুজন মিয়া তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। তারও সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।
তিনি আরও জানান, খবর পেয়ে তারা সকাল ১০ টার দিকে ঘটনাস্হলে আসেন এবং প্রায় ৩০ মিনিট ধরে চেষ্টার পর তাদের দু'জনকে সংজ্ঞাহীন অবস্হায় উপরে তুলে এনে ফুলবাড়ী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার জানান, দু'জনই হাসপাতালে আসার আগে মৃত্যুবরণ করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নবীউল হাসান জানান, এ ঘটনার আইনগত ব্যবস্হা নেওয়ার প্রক্রিয়া চলছে।