ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে: সাইফুল হক

ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে: সাইফুল হক
×

গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৯:২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটানো হচ্ছে। ভারত থেকে নানা অশুভ চক্র বাংলাদেশবিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। ভারত পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রের তকমা দেওয়ারও চেষ্টা চলছে। দেশের জনগণকে কোনো সাম্প্রদায়িক উস্কানিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানান তিনি।

আজ রোববার সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত জেলা কমিটির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিপর্যয়ে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন। রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার পথনকশা ঘোষণা করুন। এ সময় তিনি ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিদ্যমান সংকটে কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিকভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে। তিনি বিদ্যমান জটিল পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করার আহ্বান জানান। 

গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, গাইবান্ধা জেলার সংগঠক মাসুদুর রহমান মাসুদ, জাকারিয়া হাসান সুমন, আতোয়ারুল ইসলাম নান্নু, আজাদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম, আসমা বেগম, ফারুকুল ইসলাম কাদেরী, হামিদা বেগম প্রমুখ।

আরও পড়ুন

×