এসিল্যান্ডের বাসায় গুলির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে
বাসার জানালার গ্লাসে গুলি করা হয়
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৫:৪৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ২০:০৮
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি বা এসিল্যান্ড) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। কেউ হতাহত হয়নি। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেছেন, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
নওগাঁ সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর-মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এসিল্যান্ড থানায় লিখিত অভিযোগ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার কাচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকেছে। এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এসিল্যান্ড রেজাউল করিম জানান, তিনি রাতে শুয়ে ছিলেন। হঠাৎ একটি শব্দ শোনেন। প্রথমে কিছু মনে করেননি। কিছুক্ষণ পর আবারও একটি শব্দ পান। পাশের কক্ষে গিয়ে জানালায় দেখেন, কাচ দুটো ফুটো। একটি বড়, আরেকটি ছোট। এর কিছুক্ষণ পর আবারও একটি শব্দ এবং তাঁর মাথার কয়েক ইঞ্চি দূর দিয়ে কিছু একটা চলে গেল। জানালার বাইরে তাকিয়ে কাউকে দেখতে পাননি। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে ছিল। এগুলো পুলিশকে দেওয়া হয়েছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে জানাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, রাত ১টায় এসি ল্যান্ড তাঁকে মোবাইল ফোনে বলেন, ‘কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে।’ তিনি সঙ্গে সঙ্গে আনসার সদস্যকে ঘটনাস্থলে পাঠান। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
