ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
×

শরণখোলায় লোকালয়ে চলে আসা ২০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৪:০৩

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে চলে আসা ২০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার  বিকেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন।

সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামবাসী মরিয়ম বেগম দুপুরে তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অজগরটি ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে সিপিজি ও ভিটিআরটি সদস্যরা সাপটিকে উদ্ধার করেন।

উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ২০ ফুট এবং ওজন প্রায় ৫৫ কেজি। বিশাল আকৃতির সাপটি লোকালয়ে চলে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে সুন্দরবনের অভ্যন্তরে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্য প্রাণী খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে চলে আসে। তবে সাপ বা অন্য কোনো বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি। সাপকে পিটিয়ে না মেরে আমাদের সহযোগিতা করুন।

স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি এ ধরনের ঘটনা আবারও ঘটে, তাহলে দ্রুত বন বিভাগে খবর দিন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায়ই বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করে। তবে দ্রুত উদ্ধার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব প্রাণীকে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×