ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

২৬ ঘণ্টা পর ‘মর্নিং বার্ড’ লঞ্চটি উদ্ধার

২৬ ঘণ্টা পর ‘মর্নিং বার্ড’ লঞ্চটি উদ্ধার
×

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০২:১৩ | আপডেট: ৩০ জুন ২০২০ | ০২:১৮

বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়।

লঞ্চটিকে মাঝ নদী থেকে টেনে কেরানীগঞ্জের দিকে তীরের কাছাকাছি নেওয়া হয়েছে। দুপুর দেড়টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম ও মুন্সীগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ 'মর্নিং বার্ড' উদ্ধারে টানা ২৮ ঘণ্টা কাজ করছেন উদ্ধারকর্মীরা। একযোগে কাজ করছেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর কর্মীরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, সোমবার সকালের এ ঘটনায় রাতভর তল্লাশির চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সদরঘাটে আসা লঞ্চের বার্থিংয়ের জন্য মঙ্গলবার সকালে এক ঘণ্টা বিরতি দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৯টায় আবার তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 

লঞ্চটি তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ লাগানো হয়েছে। একেকটি ব্যাগ ৭-৮ টন ওজন তুলতে পারে।

সদরঘাট নৌ-পুলিশের ইনচার্জ রেজাউল করিম বলেন, 'নিখোঁজ যাত্রীদের স্বজনরা ভিড় করায় আমরা নদীতে পেট্রোলের ব্যবস্থা করেছি। উৎসুক দর্শকদের দূরে রাখতেও কাজ করছে পুলিশ।'

সোমবার সকালে থাকা 'ময়ূর-২' নামের একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় 'মর্নিং বার্ড' নামের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ নারী ও ৩ শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা 'মর্নিং বার্ড' লঞ্চটি সদরঘাটে নোঙ্গর করার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ঘাটে নোঙর করে থাকা 'ময়ূর-২' নামের একটি লঞ্চ ধাক্কা দিয়ে 'মর্নিং বার্ডের' উপরে উঠে যায়। এতে সঙ্গে সঙ্গে 'মর্নিং বার্ড' ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত সোয়া ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে আসামি করা হয়েছে ময়ূর-২’ লঞ্চের মালিকসহ সাতজনকে। মঙ্গলবার ভোরে নৌ-পুলিশের এসআই শামছুল আলম বাদি হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি করেন।


আরও পড়ুন

×