কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০২:৩০
কুড়িগ্রাম জেলা শহরের পুরাতন রেজিস্ট্রি পাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে সাহেরা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি পুরাতন রেজিস্ট্রি পাড়ার মনির হোসেনের স্ত্রী। মঙ্গলবার ভোরে তার মরদেহ কুড়িগ্রামে এনে স্বাস্হ্যবিধি মেনে কবরস্থানে দাফন করা হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, ওই গৃহবধূ করোনা উপসর্গ- জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও জানান, নমুনা সংগ্রহের পর থেকে ওই পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে সাহেরা বেগমের শারিরীক অবস্হার অবনিত হলে প্রথমে জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ড ভর্তি করা হয়। এরপর তাকে ২৮ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ২২ জুন ওই গৃহবধূসহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্হাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া না যাওয়ায় নিশ্চিতভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু ঘটেছে ১ জনের। আর সুস্হ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৭৮ জন।
সিভিল সার্জন আরও জানান, মঙ্গলবার জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৯১ জন। এছাড়া ৫৮ জন হোম আইসোলেশনে এবং ১ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আর মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৫৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ৩ হাজার ১৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২ হাজার ২৮৪ জনের। তার মধ্যে ১৩৮ জনের ফলাফল পজিটিভ।