হাতিয়ায় ঘুমন্ত অবস্থায় জেলে নৌকা ডুবিতে নিহত ১, নিখোঁজ ১
ফাইল ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০২:৫৮
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ঘুমন্ত অবস্থায় মাছ ধরার একটি জেলে নৌকা জোয়ারের তোড়ে ডুবে গেছে। এতে মোহাম্মদ আলী বেছুন (২৩) নামের এক জেলে নিহত ও সোহাগ (১৫) নামের এক কিশোর জেলে নিখোঁজ হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে ১১ জেলে।
সোমবার রাত ৩ টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় টেডারচর নামক স্থানে এই ঘটনা ঘটে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ও উদ্ধার হওয়া জেলেরা জানান, হাতিয়া উপজেলার জাহাজ মারা ইউনিয়নের আমতলী এলাকার হাসেম মাঝির একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বিকেলে ১৩জন জেলে মাছ ধরতে যান। জেলেরা রাত ১২ টার দিকে নদীতে জাল ফেলে নোঙ্গর করে সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার সময় প্রচণ্ড ঝড়ের তোড়ে ও ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এ সময় ১৩ জেলে পানিতে ডুবে যায়। এদের মধ্যে ১১ জেলেকে আশেপাশের জেলে নৌকা এসে উদ্ধার করতে পারলেও মোহাম্মদ আলী বেছুন ও সোহাগ পানিতে তলিয়ে যান। উদ্ধার হওয়া জেলেদের সংবাদের ভিত্তিতে হাতিয়ার নিঝুমদ্বীপ নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে নিখোঁজ দুই জেলের মধ্যে মোহাম্মদ আলী বেছুনের মরদেহ উদ্ধার করে।
নৌ পুলিশ নিঝুমদ্বীপ ফাঁড়ির এসআই মো. ফরিদ উদ্দিন জানান, নিঝুমদ্বীপ ঘাট এলাকা থেকে ১৫-২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। জেলেরা সবাই জাহাজ মরা ইউনিয়নের আমতলি এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ জেলে নৌকা ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়েছে। বেলা দেড়টা পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, জেলে নৌকা ডুবির ঘটনায় উদ্ধার হওয়া জীবিত জেলেদেরকে নিজ নিজ বাড়িতে ও মৃত জেলেকে তার পরিবারের কাছে মঙ্গলবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ জেলের উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে পুলিশ কাজ করছেন।