নিখোঁজের ৬ দিন পর যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার
অপু- ফাইল ছবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ২১:২৮ | আপডেট: ০১ জুলাই ২০২০ | ০০:৪৭
জামালপুর পৌর শহরে নিখোঁজের ৬ দিন পর অপু নামের এক যুবকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আল-আমিন নামের এক জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আল-আমিনের বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে অপুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের নাওভাঙ্গা চরের সুরুজ আলীর ছেলে অপু (২২) গত ২৫ জুন রাত ৯টার দিকে স্থানীয় একটি সমিতির টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়। ঘটনার পর থেকেই অপুর দু’টি মোবাইল বন্ধ পাওয়া যায়। পরদিন গ্রামের একটি পাট ক্ষেতে একটি জুতা, ধস্তাধস্তি ও রক্তের চিহ্ন দেখে নিহতের স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এ ছাড়া ডুবুরি এনে গ্রামের একটি খালের পানিতে অপুকে খোঁজাখুজি করা হয়। এ ঘটনায় নিখোঁজ অপুর বাবা জামালপুর থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তৎপর হয়।
জামালপুর থানার ওসি সালেমুজ্জামান জানান, মঙ্গলবার নাওভাঙ্গা চরের কালু মিয়ার ছেলে আল-আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সে অপুকে হত্যা করে লাশ তার বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দিয়েছে।