চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, দোকান কর্মচারী গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একটি ফুড কার্টের কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে শিক্ষার্থীরা আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী তিনি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী মঙ্গলবার ক্লাস শেষে বিকেল ৪টা ৪০ মিনিটের চট্টগ্রাম স্টেশনগামী শাটল ট্রেনে উঠছিলেন। এ সময় অভিযুক্ত শাহিন শেখ তার সঙ্গে অশোভন আচরণ ও শারীরিকভাবে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ভুক্তভোগীর সহপাঠীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে শাহিনকে আটক করেন এবং ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করেন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এরপর অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী এবং সহকারী প্রক্টরদের উপস্থিতিতে অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর সম্মতিতে রাত ১০টার দিকে শাহিনকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী সমকালকে বলেন, 'ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে থানার সঙ্গে আলোচনা করা হয়েছে। মামলা দায়েরের পর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।'
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেই ভুক্তভোগী মামলা করেছেন। আজ অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।