খুলনায় করোনায় একজন, উপসর্গে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০১:২১
খুলনায় একজন করোনা পজেটিভ রোগী এবং করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার জানান, রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের ইউসুফ আলী (৭৫) সকাল সাড়ে সাতটায় খুলনা করোনা হাসপাতালে মারা গেছেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা বেগম (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, নগরীর রায়েরমহল এলাকার আব্দুল হাকিমের স্ত্রী আনোয়ারা বেগমকে মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান জানান, তিলক গ্রামের আতিয়ার রহমান (৮০) এক সপ্তাহ ধরে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার সকাল সাড়ে ছয়টায় নিজ বাড়িতে তিনি মারা যান।