কিশোরগঞ্জে আরও ৫৭ জনের করোনা শনাক্ত
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ১০:৩৮
কিশোরগঞ্জে নতুন করে ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় এক হাজার ৫২০ জনের শরীরে ধরা পড়েছে করোনা। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। মারা গেছেন ২৪ জন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য জানান।
বুধবার দুপুরে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন, হোসেনপুর উপজেলায় একজন, করিমগঞ্জ উপজেলায় ৬ জন, তাড়াইল উপজেলায় একজন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কটিয়াদী উপজেলায় ৩ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ৮ জন, নিকলী উপজেলায় একজন, বাজিতপুর উপজেলায় ৩ জন, ইটনা উপজেলায় একজন ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। অন্যদিকে নতুন করে জেলায় ১২১ জন করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে জেলায় সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার সংগৃহীত ৮ জনের নমুনা আইসিডিডিআরবিতে পরীক্ষা করা হয়। তিনটি ল্যাবে মোট ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩০ জুন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৪৬৩ জন। বুধবার নতুন করে আরো ৫৭ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২০ জনে।
এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ১২১ জন সুস্থ হয়েছেন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮ জন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- করোনাভাইরাস