নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ১১:১৮
ঢাকার নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় আবুল হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রাজারহাট গ্রামের আব্দুল হামিদের ছেলে জুয়েল রানা (২৫), একই উপজেলার দোলন গ্রামের নজীর হোসেনের ছেলে মমিনুল ইসলাম (২২)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সুমন (১৮) নামের আরও এক শ্রমিক। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
বিদ্যুৎ শ্রমিক গণি, আতিক হাসানসহ এলাকাবাসী জানান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে নবাবগঞ্জ-শোল্লা লাইনের বিদ্যুতের খুঁটির লাইনে বিদ্যুতের তার পরিবর্তন করতে মঙ্গলবার ওই এলাকায় মাইকিং করা হয়। বুধবার সকাল থেকে কাজ শুরু করেন ঠিকাদার আব্দুর রহমানের প্রতিষ্ঠানের ১০/১২ জন শ্রমিক। বিকাল ৩টার দিকে ভাওয়ালিয়া এলাকার বিদ্যুতের খুঁটির দুইপাশের তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শ্রমিকরা বিচ্ছিন্ন তিনটি খুঁটির বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করছিলেন। এসময় ওই এলাকার আবুল হোসেনের বাড়ির ছাদে থাকা বাংলালিংক টাওয়ারের ব্যাটারি চার্জ দিতে ভ্রাম্যমাণ জেনারেটর থেকে সংযোগ দেন ওই কোম্পানির টেকনিশিয়ানরা। স্টার্ট দেওয়ামাত্র কাজ করতে থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এসময় বাংলালিংকের টেকনিশিয়ানরা পালিয়ে যান। তবে গাড়ির চালককে আটক করেছে এলাকাবাসী।
আহত তিনজন শ্রমিককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মমিনুল ইসলাম ও জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুমন নামে আরেক শ্রমিককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, জেনারেটর চালু করার সময় বাড়ির মূল বিদ্যুৎ সংযোগের সুইচ বন্ধ করা হয়নি। এতে ওই জেনারেটরের বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ তারের মাধ্যমে বিদ্যুতের লাইনে চলে যায়। এতে কাজ করা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
বাংলালিংক কোম্পানির এরিয়া ম্যানেজার মানিক উদ্দীন মুঠোফোনে বলেন, আমাদের টাওয়ারের বিদ্যুৎ সংযোগের দুটো ব্রেকারই বন্ধ ছিল। জেনারেটরের সঙ্গে পল্লী বিদ্যুতের তারের কোনো সংযোগ ঘটার কারণ নেই। পল্লী বিদ্যুতের কোনো ভুলে এ দুর্ঘটনা ঘটতে পারে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কির্তনীয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নবাবগঞ্জ
- বিদ্যুৎস্পৃষ্ট
- শ্রমিকের মৃত্যু