ফেনীতে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ইমামসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃত তিন আসামি।
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৫:৪৭
মসজিদ কমিটির বিরোধের জেরধরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মসজিদ ঈমামসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফেনীর সদর থানার আবুপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে শর্শদী ইউনিয়নের আবুপুর গ্রামে বায়তুল আমান জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধ চলছিল। এই রিরোধের জের ধরে আসামি আশ্রাফ আলী (৩২), আবুল কাসেম ফোরকান (৩৮) ও জহিরুল ইসলাম বাবলু (৩৫) গত ২১ জুন গভীর রাতে মসজিদ কমিটির প্রতিদ্বন্দ্বি হাবির মিয়াজির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার আগে ঘরের বের হবার দরজায় তালা লাগানো হয়। এতে ঘরের একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দেখে পুলিশ ও স্থানীয়রা দরজা ভেঙ্গে ভেতরে থাকা মানুষদের উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ২ জন বিভিন্ন মসজিদের পেশ ইমাম বলে এসপি জানান।
ফেনী ডিবির ওসি নুরুজ্জমান জানান, শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।