সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ৫৭তম ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২২:৫৮
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫৭তম ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এছাড়া স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মাহতাব, আইন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন অতিথি ও শিক্ষকরা।
উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, আইন পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধকে কাজে লাগিয়ে তোমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং দেশের আইন অঙ্গনকে সমৃদ্ধ করবে।
শিক্ষকরা বক্তব্যে শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন এবং পেশাগত জীবনে সততা, নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরাও অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাম্পাসজীবনের স্মৃতি, শিক্ষক-সহপাঠীদের সঙ্গে কাটানো সময় এবং শিক্ষকদের দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- বিষয় :
- আইন
- বিশ্ববিদ্যালয়
- সাউথইস্ট ইউনিভার্সিটি