ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রিমান্ডে থাকা আসামির থানায় মৃত্যু, অপমৃত্যুর মামলা দায়ের

রিমান্ডে থাকা আসামির থানায় মৃত্যু, অপমৃত্যুর মামলা দায়ের
×

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৪০ | আপডেট: ০৭ জুলাই ২০২০ | ০২:০৫

চাঁপাইনবাবগঞ্জে থানা হেফাজতে রিমান্ডে থাকা আফসার আলী নামে এক আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা হাজতে তার মৃত্যু হয়।

মৃত আফসার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্য পাড়ার মোহাসীন আলীর ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সোমবার সন্ধ্যায় আফসার আলীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে হাজতখানায় থাকা একটি স্ট্যান্ড ফ্যানের তার ছিঁড়ে তা দিয়ে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ডিউটিরত পুলিশ কনস্টেবল আলমগীর সিসিটিভিতে সেই দৃশ্য দেখে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসার।

তিনি আরও জানান, সকালে ম্যাজিস্ট্রেট মরদেহটির সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। 

তবে এ ঘটনায় রাতেই পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

এদিকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোহানী আক্তার জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যথাজনিত কারণে আফসার আলীকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে আসা হয় সোমবার রাতে। প্রায় এক ঘণ্টা তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা সূত্র জানায়, আফসার আলীকে রোববার দুপুরে ১ কেজি ১৯৫ গ্রাম হেরোইনসহ বাগডাঙ্গার শুকনাপাড়া এলাকার একটি আমবাগানের সামনে থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আফসার আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে। সোমবার পুলিশ তাকে আদালতে সোপার্দ করে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরও পড়ুন

×