নওগাঁয় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ০৩:৫৮
নওগাঁয় নতুন করে ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২৬ জনে। এ দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কাচারীপাড়া গ্রামের ধান ব্যবসায়ী দবির উদ্দিন সরকারের (৭০) নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৯ জন।
শুক্রবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আখন্দ মো. আখতারুজ্জামান আলাল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন আক্রান্ত ৩৯ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মহাদেবপুরে ২ জন, মান্দায় ৬ জন, বদলগাছিতে ৪ জন, নিয়ামতপুরে ৭ জন, সাপাহারে ৪ জন ও পোরশায় ১ জন রয়েছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ১০৪ জনকে হোমে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ১০ জন, মান্দা উপজেলায় ১ জন, বদলগাছি উপজেলায় ৪ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ২৬ জন এবং পোরশা উপজেলায় ৫ জন রয়েছেন।
তিনি আরও জানান, উল্লেখিত সময়ে সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯২ জনকে। এ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৭২৮ জন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- রাজশাহী
- নওগাঁ