রায়গঞ্জে মাদক সেবনে বাধা, সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
নিহত আব্দুর রহমান
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৩:০০ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১৫:০০
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর রহমান (১৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহমান। সে রায়গঞ্জ পৌর এলাকার ফিরোজ আহমেদের ছেলে।
আহত হাছান শেখ (২২) বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে অশালীন আচরণ ও গালাগাল শুরু করেন। এতে বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে আব্দুর রহমান ও হাছান শেখ গুরুতর আহত হন।
স্বজনরা জানান, আহত আব্দুর রহমানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে সেখান থেকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে অভিযুক্ত টিটোনের বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত অবস্থায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এখন একজনের মৃত্যু হওয়ায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।