করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয়: খাদ্যমন্ত্রী
নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০৫:২৪ | আপডেট: ১২ জুলাই ২০২০ | ০৬:২৮
করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয়। তাই চিকিৎসকরা ভয়কে জয় করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
রোববার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যদি ৬০ থেকে ৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মাস্ক ব্যবহার করেন তাহলে আমাদের করোনা শনাক্তের হার কমে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ তা করে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করার আহ্বান জানাচ্ছি।
এসময় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- খাদ্যমন্ত্রী
- করোনাভাইরাস
- নওগাঁ