ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সিলেটে নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে ৭৮ জনের করোনা শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ১০:১৭

সিলেট বিভাগে নতুন করে আরও ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারের ১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

রোববার সিলেটে বসবাসরত গাইবান্ধার একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন সিলেট ও ঢাকার পিসিআর ল্যাবে নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়। পুরো বিভাগের করোনা আক্রান্ত এখন ৫ হাজার ৮৭৩ জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিলেটের ৩০ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জের ৯ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার তাদের ল্যাবে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও গাইবান্ধার একজন করে বাসিন্দা রয়েছেন। বাকি ৩০ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এতে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১২৫ জন এবং সুনামগঞ্জে এক হাজার ১৮০ জন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান জানান, রোববার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জের ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত আরেকজনকে নিয়ে হবিগঞ্জে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৯১০ জন। অন্যদিকে মৌলভীবাজারে মোট করোনা আক্রান্ত ৬৫৮ জন। এই জেলার নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। 

গত ২৪ ঘন্টায় চার জনের মৃত্যুর ফলে রোববার সিলেটে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এখন পর্যন্ত ২ হাজার ২৩৬ জন সুস্থ হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন ২৩৪ জন।

আরও পড়ুন

×