ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল, পাসের হার ৭৭.৬৩%

রাজশাহী বোর্ডে সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল, পাসের হার ৭৭.৬৩%
×

ভালো ফলাফলে রাজশাহীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থীর উল্লাস (ছবি-শরিফুল ইসলাম তোতা)

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১৬:০৯ | আপডেট: ১০ জুলাই ২০২৫ | ১৮:০২

এবারও ছেলেদের পেছনে ফেলে এগিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডের মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় মেয়েরা এগিয়ে রয়েছে। তবে সাত বছরেরর মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল রাজশাহী শিক্ষা বোর্ডে। এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা যায়, ছাত্রীরা পাস করেছে ৮২ দশমিক ০১ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন ছাত্রী। আর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন। 

সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছরগুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, কোন ব্যাচ ভালো করে, কোনটা কিছুটা পিছিয়ে থাকে- এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে বিশ্লেষণ করে দেখবো- কেন রেজাল্ট নিম্নমুখী।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, এই ব্যাচটা একটু কম মেধাসম্পন্ন হতে পারে। আবার সারাদেশেই তো পাসের হার কম। এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা, সেটা আমরা ঠিক বলতে পারব না।
 

আরও পড়ুন

×