ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
ছবি: প্রতীকী
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ১৮:৪৮
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে মায়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্টেশনে রাজশাহীগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
নিহত মায়া বেগম রাজশাহীর নন্দনগাছী এলাকার মৃত মনি আলীর স্ত্রী।
আব্দুলপুর রেলস্টেশন মাস্টার মো. জামিল হোসেন বলেন, মায়া বেগম ছেলের সঙ্গে ট্রেনে নিজ বাড়ি নন্দনগাছী যাওয়ার জন্য প্ল্যাটফর্মে আসছিলেন। রাজশাহীগামী কমিউটার ট্রেনে বাড়ি ফিরতে চেয়েছিলেন তারা। এ সময় ট্রেন ছেড়ে দিলে তাঁর ছেলে দৌড়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন। তবে মায়া বেগম রেললাইনের ওপরে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মায়ের লাশ নিয়ে বাড়ি চলে যান ছেলে।
