ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নালা উঁচু সড়ক নিচু চলে না যানবাহন

নালা উঁচু সড়ক নিচু চলে না যানবাহন
×

সখীপুর পৌরসভার এতিমখানা সড়কের সখীপুর বাজারের পোস্ট অফিস গেট থেকে কদমতলা মোড় পর্যন্ত পানি জমে চলাচলের অনুপযোগী হওয়ায় নালার ওপর দিয়ে চলাচল করছে মানুষ সমকাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধ

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০০:৪৮

পৌর কার্যালয় থেকে মাত্র ১০০ হাত দূরে এতিমখানা সড়ক। পয়ঃনিষ্কাশনের নালা উঁচু হওয়ায় বৃষ্টিসহ আশপাশের বাসাবাড়ির পানি সড়কে জমে থাকে। ফলে তিন বছর ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি হেঁটে চলাচলেও ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় রয়েছে সড়কটি।
সরেজমিন দেখা গেছে, এতিমখানা সড়কের সখীপুর বাজারের পোস্ট অফিস গেট থেকে কদমতলা মোড় পর্যন্ত জমে থাকা পানিতে শেওলা ধরেছে। কাদা-পানিতে পিচ্ছিল হয়ে আছে পুরো এলাকা। বাধ্য হয়ে নালার ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
অটোরিকশা চালক আবদুল মালেক বলেন, ‘আগে এ সড়কে নিয়মিত ভ্যান চালাতাম, এখন সব বন্ধ হয়ে গেছে।’ কুরিয়ার ব্যবসায়ী নয়ন আহমেদের ভাষ্য, সড়কে গাড়ি না ঢুকতে পারায় চুক্তি বাতিল করে দিয়েছে। দোকান ছেড়ে দিতে হয়েছে তাঁকে।
ভাঙাচোরা, কাদাযুক্ত আর ঝোপঝাড়ে ভরা সড়কটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। মাত্র ১০০ মিটার দীর্ঘ নালা তিনটি স্থানে সড়ক পার হয়েছে। নির্মাণের সময় মূল সড়কের জায়গায় নালা নির্মাণ করায় সরু হয়ে গেছে। ২০ ফুট প্রস্থের সড়কে কোনো কোনো স্থানে এখন মাত্র ১২ ফুট।
দুই পাশের বসতবাড়িও সড়কের চেয়ে দুই থেকে তিন ফুট উঁচু। ফলে বৃষ্টির পানি সড়কে জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন দূরের কথা, হেঁটেও চলা দায়। 
ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের জুন-জুলাইয়ে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ডাকা হয়। এতে তৎকালীন মেয়র আবু হানিফ আজাদ বাধা দেন।  ফলে কর্মসূচি বন্ধ করে দিতে হয়।
ঘর মালিক ও সাবেক কাউন্সিলর রাফেজা আক্তার বলেন, ‘প্রতি মাসে ১৬ হাজার টাকা ভাড়া পেতাম। এখন ঘর তালাবদ্ধ।’ স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, তৎকালীন মেয়রের দায়িত্বহীনতার কারণেই সড়ক ও নালার উন্নয়ন হয়নি। বর্ষায় এলাকাটি পানিতে ডুবে থাকে। 
১৫ বছর দায়িত্ব পালন করা সাবেক পৌর মেয়র আবু হানিফ আজাদ মামলার আসামি হয়ে পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পৌর প্রশাসক ও ইউএনও আবদুল্লাহ আল রনী বলেন, মানুষের দুর্ভোগ বিবেচনা করে আপাতত ৫০০ মিটার সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×