আমজদ আলী হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ২১:৫৭
সুনামগঞ্জ সদর উপজেলার আপ্তাবনগর ইউনিয়নে মনোহরপুর গ্রামে আমজদ আলী হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মদ কামাল খান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহরপুর গ্রামের আব্দুস সোবহান, আব্দুল খালেক, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, আব্দুল করিম, সুরুজ আলী, সিরাজ আলী, সোহেল মিয়া এবং মকবুলা বিবি। দণ্ডপ্রাপ্তদেরকে দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ১৪৮ ধারায় ৩ বছর, ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবনসহ পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজা প্রদান করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর সকালে প্রতিপক্ষের হামলায় নিহত আমজদ আলী। ওই ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা মছদ্দর আলী। প্রায় ১৪ বছর বিচার কার্যক্রম চলার পর বৃহস্পতিবার বিকালে এই হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এডিশনাল পিপি ইমদাদ হোসেন রঞ্জু বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।
- বিষয় :
- যাবজ্জীবন
- যাবজ্জীবন কারাদণ্ড
