ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আড়াইহাজারে ঘর ভাড়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: থানায় মামলা, গ্রেপ্তার নেই

আড়াইহাজারে ঘর ভাড়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড: থানায় মামলা, গ্রেপ্তার নেই
×

প্রতীকী ছবি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ২১:৫০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘর ভাড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীকে স্থানীয় বিএনপির কার্যালয়ের ভেতরে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার একদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত ৩০ জুলাই (বুধবার) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াবাজারে মাত্র ১০ হাজার টাকা ব‌কেয়া ঘর ভাড়া চাওয়ায় দোকান মা‌লিক‌কে বিএনপি কার্যালয়ে নিয়ে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রা হয়। নিহ‌ত জাহাঙ্গীর ওই এলাকার তা‌লেব আলীর ছে‌লে। 

ওই ঘটনার রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, মাহমুদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)। সবাই মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, তোতা মিয়া প্রধান নিহত জাহাঙ্গীর মিয়াদের পারিবারিক মালিকানাধীন তিনটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দখল করে রাখেন। একাধিকবার ভাড়া চাওয়ার পরও না দেওয়ায় ঘটনার দিন সকালে নিহত ব্যক্তি দোকানে নিজ অংশে পার্টিশন দেন। এরপরই বিবাদীরা দলবদ্ধভাবে লাঠি-রড দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পর প্রায় একদিন পার হলেও মামলার প্রধান আসামি তোতা মেম্বারসহ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অনেকে বিষয়টিকে পূর্ব বিরোধ ও প্রভাব বিস্তারের জের হিসেবেও দেখছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×