হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধে খুন: গ্রেপ্তার ৮
৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সমকাল
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৮:৪৪
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে মাহবুল আলম (৫৫) হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেল ও সন্ধ্যায় পার্শ্ববর্তী উপজেলা ফুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত নিজাম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৫), খাইরুল ইসলাম (৫৭), নজরুল ইসলামের ছেলে মো. শাহিন (৩৫), তামীম (২৪), সামিউল (২০), খাইরুল ইসলামের ছেলে আবু নাঈম (২৫) মেয়ে জেরিন (২০) এবং শাহিনের স্ত্রী ইয়াসমিন (২৭)।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামে এ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মারা যায় মাহবুল আলম। এ ঘটনায় মঙ্গলবার রাতে তার ছোটভাই এনামুল হক বাদী হয়েছে ১৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত আরও কয়েকজন নামে একটি মামলা দায়ের করেন।
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার ৬ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- জমি নিয়ে বিরোধ
