বিকাশকর্মী রিজন হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ০১:১২
বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। শনিবার সকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে নেত্রকোনার বিকাশসহ সবক’টি মোবাইল টেলিকমের কর্মী ও নেত্রকোনার সচেতন নাগরিকের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, গ্রামীণফোনের ব্যবস্থাপক সৈয়দ আবু সাহাদ, বাংলালিংকের ব্যবস্থাপক সোহাগ সাহা প্রমুখ। রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি এবং মোবাইল টেলিকমের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
রিজন তালুকদার নেত্রকোনা জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত ১০ আগস্ট সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ১২ আগস্ট সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত বৃহস্পতিবার সদর থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা রফিকুল ইসলাম। গতকাল শনিবার পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- বিকাশ
