ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লোকালয়ে মুখপোড়া হনুমান মানুষের সঙ্গে সখ্য

লোকালয়ে মুখপোড়া হনুমান মানুষের সঙ্গে সখ্য
×

আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রামে হনুমানকে খাবার দিচ্ছেন এক দর্শনার্থী সমকাল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫ | ২৩:৩১

প্রকৃতির ওপর বিরূপ প্রভাবের ফলে বন্যপ্রাণীরা এখন অস্তিত্ব সংকটে পড়েছে। বন-জঙ্গলের পরিসর সীমিত হয়ে আসায় এসব প্রাণী খাদ্যের সন্ধানে চলে আসছে লোকালয়ে। বেশ কিছু দিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল, নওয়াপাড়া, শ্রীরামপুর গ্রামে ও সদর বাজারের এলাকাতে ঘোরাফেরা করছে দুটি মুখপোড়া হনুমান। কয়েকদিনেই সাধারণ মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলেছে হনুমান দুটি।
এলাকায় হনুমান আসার খবর ছড়িয়ে পড়লে প্রাণী দুটিকে দেখতে নানা শ্রেণি-পেশার কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছে। কেউ কেউ তাদের খাবারও কিনে দিচ্ছে। হনুমান দেখতে আসা বাঁকাইল গ্রামের ভ্যানচালক আইয়ুব বিশ্বাস জানান, তিনি শুক্রবার সকালে হনুমান দুটিকে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের বাঁকাইল গ্রামের একটি বাড়ির বাউন্ডারির ওপর দেখতে পান। তখন বিস্কুট ও কলা খেতে দিয়েছেন। 
হনুমানকে খাবার দিতে আসা একই গ্রামের কিরণ বালা জানান, আলফাডাঙ্গাতে সাধারণত হনুমান দেখা যায় না। মূলত খাবারের সন্ধানে তারা মানুষের কাছে ছুটে এসেছে। ঝুঁকি নিয়ে গাছের ডালে, ঘরের চালে অথবা বাড়ির ছাদে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত হনুমান কারও ওপর আক্রমণ করেনি।  
উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান, হনুমান দুটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে। প্রাণী দুটি এক সময় নিজ আবাসস্থলে ফিরে যাবে। হনুমান দুটিকে বিরক্ত না করতে অনুরোধ জানান তিনি। 

আরও পড়ুন

×