ত্রিশালে উল্টোপথে আসা ট্রাক কেড়ে নিল দুই প্রাণ
ছবি: সমকাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ২০:২৩
ময়মনসিংহের ত্রিশালে উল্টোপথে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিএনজিচালক আব্দুল মতিন (৪৬) ও যাত্রী হাফিজ উদ্দিন (৫০)। আব্দুল মতিন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে। হাফিজ উদ্দিন পেশায় ব্যবসায়ী এবং একই উপজেলার উথুরা ইউনিয়নের হাতীবেড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
আজ বুধবার সকালে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় উল্টোপথে আসা ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই সিএনজিচালক আব্দুল মতিন নিহত হয়। গুরুতর আহত সিএনজির যাত্রী হাফিজ উদ্দিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে আটটার দিকে মারা যান তিনি।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিন ধরে পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সকল যানবাহন উল্টোপথে চলাচল করছিল। মাঝে-মধ্যে ত্রিশাল থানা পুলিশ উল্টোপথে যান চলাচলে বাঁধা দিলেও, পুলিশ না থাকলেই উল্টোপথেই চলাচল করে যানবাহন। ফলে গত কয়েকদিনে মহাসড়কের ওই এলাকাতেই তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন ঘটনার পরও কার্যত কোনো পদক্ষেপে নেই ত্রিশাল ট্রাফিক পুলিশের।
উল্টোপথে যানবাহন চলাচল বন্ধ করণে নিয়মিত সড়ক পরিবহণ আইনে জরিমানা ও মামলা বিধান বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন নিহত হয়েছেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- ত্রিশাল
- মুখোমুখি সংঘর্ষ
- সড়ক দুর্ঘটনা
