ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দুধের দাম না বাড়ালে মিল্ক ভিটায় সরবরাহ বন্ধের ঘোষণা

দুধের দাম না বাড়ালে মিল্ক ভিটায় সরবরাহ বন্ধের ঘোষণা
×

দুধের দাম বৃদ্ধিসহ চার দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাঘাবাড়ী মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন সমবায়ীরা সমকাল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫ | ০০:০৩

দেশের সর্ববৃহৎ সমবায়ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটা খামারিদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা না বাড়ালে দুধ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সমবায়ীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্ক ভিটার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ১০ দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে বলেন, প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বৃদ্ধিসহ চার দফা দাবি না মানলে মিল্ক ভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রেশমবাড়ি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান এনামুল হক নয়ন, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হলেও ফ্যাসিস্টরা রয়ে গেছে মিল্ক ভিটায়। এ কারণেই নানা অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম দিচ্ছে ৪৫-৫০ টাকা মাত্র। অথচ এ দুধই তারা বিক্রি করছে ১০০ টাকা লিটার। এদিকে ক্রমাগতভাবে গোখাদ্যের দাম বাড়ায় দুধ উৎপাদনে খরচ বাড়ছে প্রতিনিয়ত। অপরদিকে প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতি লিটারে ৬০ পয়সা করে গবাদি পশুর জাত উন্নতকরণ ও চিকিৎসা বাবদ মিল্ক ভিটা কেটে রাখলেও সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সে সঙ্গে মিল্ক ভিটার শেয়ার বাবদ প্রতি লিটারে ৪০ পয়সা করে রাখলেও সেসবের কোট সার্টিফিকেট দিচ্ছে না কর্তৃপক্ষ। এর ফলে মিল্ক ভিটায় দুধ সরবরাহে আগ্রহ কমছে প্রান্তিক খামারিদের। সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেড এরিয়ায় প্রতিদিন দুই থেকে আড়াই লাখ লিটার দুধ উৎপাদন হলেও মিল্ক ভিটায় দুধ সরবরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। এর ফলে মিল্ক ভিটা আজ ধ্বংসের মুখোমুখি হয়েছে।
এ সময় বক্তারা ১০ দিনের আলটিমেটাম দিয়ে বলেন, প্রতি লিটার দুধে ১০ টাকা বৃদ্ধি করা, প্রকৃত সমবায়ী দ্বারা মিল্ক ইউনিয়নের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন, অসমবায়ী দ্বারা অ্যাডহক কমিটি বাতিল করতে হবে, মিল্ক ভিটার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অপসরণ করতে হবে। দাবি না মানলে মিল্ক ভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধন শেষে বাঘাবাড়ী বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা।
 

আরও পড়ুন

×