ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে চুয়েটে মশাল মিছিল

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে চুয়েটে মশাল মিছিল
×

ছবি: সমকাল

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০৫:১৫

প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিপ্লোমা শিক্ষার্থী কর্তৃক নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি এবং বুটেক্স শিক্ষার্থীদের হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার রাতে চুয়েটের গোল চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন ও হল সমূহ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের সঙ্গে একজন শিক্ষককেও একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা যৌক্তিক তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকামুখী লং মার্চে অংশ নেন। সেখানেই তাদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে এবং অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহি আল ওয়াহিদ বলেন, ঢাকায় আমাদের ভাইদের ওপর পুলিশের বর্বর হামলা, ডিপ্লোমা স্টুডেন্ট কর্তৃক আমাদের বোনদের ধর্ষণের হুমকি ও বুটেক্স এর ভাইদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আমরা আজকে মশাল মিছিল কর্মসূচি পালন করেছি। আমরা চাই অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশা করছি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে এদেশ থেকে ইঞ্জিয়ারিং খাতের সকল বৈষম্য নিরসন করবে।

এসময় শিক্ষার্থীরা তাদের প্রধান দাবিগুলো পুনর্ব্যক্ত করেন। দাবিগুলো হলো— নবম গ্রেডে কোনো ধরনের কোটায় নিয়োগ দেওয়া যাবে না, বিএসসি ইঞ্জিনিয়ারদেরই নিয়োগ দিতে হবে; ডিপ্লোমাধারীরা চাকরির সুযোগ চাইলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে; দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের জন্য সমান সুযোগ উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন

×