নিহত শিশুর পরিবারের কাছ থেকে ঘুষ নিয়ে এসআই প্রত্যাহার
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:১১ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২৮
শিশু অপহরণ ও হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব-৪ এর একটি বিশেষ দল শিশু জোনায়েদের মরদেহ উদ্ধার করে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ৫ বছরের শিশু জোনায়েদ নিখোঁজ হয়। তার পরিবার পরদিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে। এটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় আশুলিয়া থানার এসআই মো. মাসুদ রানাকে।
শিশুটির পরিবারের অভিযোগ, জিডি তদন্তের জন্য তাদের কাছে ১৫ হাজার টাকা দাবি করেন এসআই মাসুদ রানা। পোশাকশ্রমিক পরিবারটির কাছে এত টাকা না থাকায় শিশুটির মায়ের কাছ থেকে পরে দেড় হাজার টাকা নেন মাসুদ রানা। কিন্তু টাকা নেওয়ার পরেও তিনি কোনো তদন্ত করেননি। এমনকি শিশুটির পরিবার যোগাযোগ করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০-২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতটা বিরক্ত করে না, যতটা আপনারা করছেন। পুলিশি সেবা না পেয়ে পরবর্তী সময়ে র্যাবের সঙ্গে যোগাযোগ করে জুনায়েদের পরিবার। এরপর নিখোঁজের ১৩ দিন পর র্যাব-৪ একটি বিশেষ দল ফারুখনগর এলাকার একটি জঙ্গল থেকে শিশু জোনায়েদের মরদেহ উদ্ধার এবং অপহরণকারী মোরসালিনকে গ্রেপ্তার করে। মোরসালিন একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত এসআই মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, দুই মাস আগে আশুলিয়া থানায় যোগ দেন এসআই মাসুদ রানা। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ছুটিতে ছিলেন। ছুটিতে থাকা অবস্থায় তাকে রোববার ক্লোজড করা হয়েছে।
- বিষয় :
- এসআই ক্লোজড
- সাভার
