পটিয়ায় অল্পের জন্য রক্ষা পেল পর্যটক এক্সপ্রেসের যাত্রীরা
ছবি: সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০০:২০
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের বাইপাস সংলগ্ন গিরি চৌধুরী এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি বগি স্প্রিংচ্যুত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় অল্পের জন্য রক্ষা পান ট্রেনের এক হাজারের বেশি যাত্রী।
ট্রেন ইনচার্জ মো. জুবায়েদ জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনের স্প্রিং ছিটকে যায়। এতে সামনের বগিটি সামনে চলে যায় এবং পেছনের ১৯টি বগি আটকে পড়ে।
তিনি বলেন, বর্তমানে ট্রেনটি থেমে আছে। ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন রিলিফ ইঞ্জিন পথে রয়েছে, সেটি এলে যাত্রা আবার শুরু হবে।
ট্রেনটিতে মোট ১ হাজার ২০ জন যাত্রী ছিলেন। সবাই কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রী মিঠুন চক্রবর্তী সমকালকে বলেন, হঠাৎ করেই ট্রেন থেমে যায়। প্রথমে কিছুই বুঝতে পারিনি। পরে জানতে পারি সামনের বগি স্প্রিংচ্যুত হয়েছে। আমরা প্রায় দেড় ঘণ্টা ধরে এখানে আটকা আছি। কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন ইঞ্জিন আসছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীরা নিরাপদেই রয়েছেন।
- বিষয় :
- ট্রেন লাইনচ্যুত
- পটিয়া
