ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নীলফামারীতে ইপিজেড শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা

নীলফামারীতে ইপিজেড শ্রমিক নিহতের ঘটনায় নিন্দা
×

নীলফামারীতে শ্রমিক নিহতের প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৪১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৪৯

নীলফামারীতে আইনশৃঙ্খলাবাহিনী ও ইপিজেড শ্রমিকদের সংঘর্ষে একজন নিহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ।

মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক রোকেয়া প্রাচী ও সদস্যসচিব এফ এম শাহীন সাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়েছে, নীলফামারী ইপিজেডে ভাতের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নামা এক শ্রমিক গুলিতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড কেবল একটি জীবনের অবসান নয়—এটি শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা রাষ্ট্রের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকের ন্যায্য দাবি কখনোই রাষ্ট্রদ্রোহ নয়, বরং তা মানবাধিকারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। ভাতের অধিকারকে বুলেটে রক্তাক্ত করা মানে সমগ্র জাতিকে রক্তাক্ত করা।

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের বিবৃতিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে, নীলফামারী ইপিজেডের শ্রমিক হত্যার পূর্ণ তদন্ত ও হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। নিহত শ্রমিকের পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ ও আজীবন ভরণপোষণের নিশ্চয়তা দিতে হবে। ফ্যাসিস্ট দমননীতি ও শ্রমিক-জনতার ওপর গুলি চালানোর নীতি অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলার সংস্কৃতি শ্রমিকের সংগ্রামের সঙ্গে একাকার। শ্রমিকের রক্ত গান, কবিতা, শিল্পকে বারবার শানিত করেছে। তাই এই রক্তের ঋণ ভোলা হবে না। এই রক্তই হবে শিল্প-সংস্কৃতির আগুন ও অপশক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রেরণা।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে আছেন, লেখক নীলিমা শামীম, আহমেদ মনসুর, নাসির উদ্দীন হায়দার, হাসান নাসির, প্রাবন্ধিক শোয়েব নাঈম, গল্পকার শানেজুল ইসলাম, ছড়াকার এমরান চৌধুরী, লেখক ও সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, রাজীব শীল, কবি ও সাহিত্যিক সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও নাট্যকার সায়েম উদ্দিন, কবি কানিজ ফাতেমা চৌধুরী, কবি ও সাহিত্যকর্মী কুতুব হিলালী প্রমুখ।

আরও পড়ুনকারখানা বন্ধের জেরে আইনশৃঙ্খলা বাহিনী-শ্রমিক সংঘর্ষ, নিহত ১

আরও পড়ুন

×