ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আক্কেলপুরে ট্রেন লাইনচ্যুত

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
×

কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ছবি: সমকাল

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৪৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ১০:১৩

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটে। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙা ছিল। ফলে লাইনচ্যুত হয়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে যায় ট্রেনটি।

হঠাৎ লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তেই এলাকাজুড়ে ছুটে আসে আশপাশের মানুষ। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।

তাসিম বিল্লাহ নামের এক ট্রেন যাত্রী বলেন, আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা তখন থেকেই এখানে অবস্থান করছি। 

স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, রাত সাড়ে তিনটার দিকে রেললাইনে হঠাৎ বিকট শব্দ হয়। শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে এসে আক্কেলপুরের ভদ্রকালী চকরঘুনাত এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

সান্তহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আমারা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। উদ্ধার কার্যক্রম চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছি।

আরও পড়ুন

×