ডাকাতির প্রস্তুতিতে বাধা, গুলিতে আহত পুলিশের তিন সদস্য
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২১:৩১
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে বাধা দেওয়ায় তিন পুলিশ সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টার পর উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পসংলগ্ন কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন– মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। তাদের শুরুতে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএসআই সেলিম ও কনস্টেবল সোহেলের অবস্থা গুরুতর।
এলাকাবাসীর ভাষ্য, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায়ই চুরি করে নানা পণ্য বের করে একটি চক্র। এসব পণ্য বহনকারী গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করছে স্থানীয় একদল সন্ত্রাসী। বুধবার রাতেও ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের টহল দল কোহেলিয়া সেতুর পূর্ব পাশে গিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যরা কক্সবাজারে চিকিৎসাধীন। এই ঘটনায় যারা জড়িত তাদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। বৃহস্পতিবার বিকেলে রযাা ব-পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কালারমারছড়া এলাকায় অভিযানে যায়। তারা পাঁচটি লম্বা দেশীয় বন্দুক, পাঁচটি এলজি, রাইফেলের গুলি উদ্ধার করেছে।
