ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ

বাগেরহাটে হরতাল, ভাঙ্গায় অবরোধ

বাগেরহাটে হরতাল, ভাঙ্গায় অবরোধ
×

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে টানা তৃতীয় দিনের মতো ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা- সমকাল

 ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৫৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১০:০৭

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এর ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়ে। বন্ধ ছিল আরও কয়েকটি ট্রেন। এদিন সকাল ৬টা থকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

সরেজমিন দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে, একই মহাসড়কের সুয়াদি এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে শত শত মানুষ। ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড, নওয়াপাড়া গ্রাম, পুখুরিয়া বাসস্ট্যান্ডে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করা হয়। 

এতে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ শত শত যানবাহন আটকা পড়ে।
ভাঙ্গা রেলস্টেশনের মাস্টার জিল্লুর রহমান, খুলনা থেকে ভোর সাড়ে ৬টায় ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস গোপালগঞ্জের মুকসুদপুর উপজলায় আটকে দেওয়া হয়। ট্রেনটি ভাঙ্গায় সোয়া ৮টায় পৌঁছানোর কথা ছিল। পরে ভাঙ্গায় আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা-ভাঙ্গা রেলপথের কৈডুবি এলাকায় রেলপথ অবরোধ করেন। সন্ধ্যা পর্যন্ত ট্রেনটি মুকসুদপুরেই আটকা ছিল। এ ছাড়া খুলনা থেকে ঢাকামুখী চারটি ট্রেন বন্ধ ছিল।

আলগী ইউনিয়ের চেয়ারম্যান সিদ্দিক মিয়া বলেন, আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলবে। সেই সঙ্গে ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেবেন তারা।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর পর থেকে ফুঁসে ওঠেন ভাঙ্গাবাসী। দুই ইউনিয়ন ফিরে পেতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

বাগেরহাটে নতুন কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি জানান, এ জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ৩৬ ঘণ্টায় শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জরুরি সভায় সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম হরতাল সমাপ্তের ঘোষণা দেন। সেই সঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামী রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস-আদালতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোম, মঙ্গল ও বুধবার টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল। তবে সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা হরতালের আওতামুক্ত থাকবে।

এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন আমাদের আসন ফিরিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আসন ফিরে পেতে আগামী সপ্তাহে উচ্চ আদালতে রিট করা হবে।

হোমনায় বিএনপির বিক্ষোভ
হোমনা প্রতিনিধি জানান, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনকে পৃথক করার প্রতিবাদে বৃহস্পতিবার হোমনা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল সকালে হোমনা বাসস্ট্যান্ড থেকে মিছিল নিয়ে থানার সামনে বক্তব্য দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল প্রমুখ।

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কুমিল্লার আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এবার সীমানা নির্ধারণে দাউদকান্দি ও মেঘনা মিলিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস মিলিয়ে কুমিল্লা-২ আসন করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

×