শাবিপ্রবিতে অনুমতি নিয়ে চলবে ছাত্র রাজনীতি
ফাইল ছবি
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৪৫
জুলাই অভ্যুত্থানের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে শিক্ষার্থীরা প্রক্টরের অনুমতি নিয়ে দলীয় ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে পারবে।
আজ সোমবার রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বছরের ৬ নভেম্বর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গত ১৮ সেপ্টেম্বর প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভা হয়। সেখানে সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা স্থগিত করেছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কার্যক্রম প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
এদিকে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছে প্রশাসন। এই নির্বাচনকে সামনে রেখে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানগুলো হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।
- বিষয় :
- ছাত্র রাজনীতি
- সিলেট
