ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জমে উঠেছে দেশের একমাত্র ঢাকের হাট

জমে উঠেছে দেশের একমাত্র ঢাকের হাট
×

কটিয়াদী পুরাতন বাজারের ঢাকের হাটে আসা কয়েকজন ঢাকী সমকাল

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৩৫

হাটজুড়ে চোখে পড়বে অন্য রকম বাদ্যযন্ত্রের প্রতিযোগিতা। বাদক বা যন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে ক্রেতা আকৃষ্ট করছেন। সবখানে উৎসবের রং। দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী দেশের একমাত্র ঢাকের হাট। ঢাক ছাড়াও ঢোল, ড্রাম, বাঁশি, সানাই, মন্দিরা, কাঁসি, ঝনঝনিসহ বাহারি বাদ্যযন্ত্র নিয়ে বাদ্যকর আসেন এই হাটে।
কটিয়াদীর পুরানবাজার এলাকায় গত সোমবার শুরু হওয়া এই হাট চলবে আজ শনিবার পর্যন্ত। নাম ঢাকের হাট হলেও এখানে ঢাক বা বাদ্যযন্ত্র কেনাবেচা হয় না। বাদ্যযন্ত্র বাদকেরা অর্থের বিনিময়ে কেবল পূজা চলাকালীন আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পূজা শুরুর আগে দরদাম ঠিক করে বায়নার টাকা দিয়ে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের সঙ্গে করে নিয়ে যান পূজার আয়োজকরা। কার চুক্তিমূল্য কত হবে, তা নির্ধারণ হয় ঢাকিদের দক্ষতার ওপর। 
ঢাকিরা জানান, একেকজন ঢাকী ১২ হাজার থেকে ১৫ হাজার, বাঁশিবাদক ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছেন। আর ছোট ব্যান্ডদল ১৫ হাজার থেকে ২০ এবং ৭/৮ জনের বড় দল ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় চুক্তি পাচ্ছেন।
ঢাকের হাটে বাহারি রং আর আকারের ঢাক-ঢোল, বাঁশি, কাঁসি, খোলসহ অসংখ্য বাদ্যযন্ত্রের পসরা সাজিয়েছেন দোকানিরা। বাদ্যযন্ত্রসহ যন্ত্রীরা এসেছেন ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে। 
জনশ্রুতি আছে, ষোলো শতকের মাঝামাঝি রাজা নবরঙ্গ রায় চৌধুরী চারিপাড়ার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। সেখানে ঢাক, ঢোল, বাঁশিসহ অন্যান্য যন্ত্রসহ অংশ নিতে খবর পাঠানো হয় বিক্রমপুর পরগনায় যন্ত্রীদের কাছে। বিক্রমপুর থেকে আসা যন্ত্রীরা পূজার দুই দিন আগে কটিয়াদী- মঠখোলা সড়কের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাট নামক স্থানে এসে জমায়েত হন। তারপর রাজা নিজে সবার বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে। সেই থেকেই প্রচলন এই ঢাকের হাটের। পরে এ হাট স্থানান্তর  হয় পুরাতন বাজারের মাছমহাল এলাকায়।
কটিয়াদী পূজা উদযাপন পরিষদ ফ্রন্টের আহ্বায়ক দিলীপ সাহা জানান, দুর্গাপূজা শুরুর আগের ৩ থেকে ৫ দিন এ হাট বসে। সোমবার বিকেলে শুরু হওয়া ঢাকের হাট শেষ হবে শনিবার। 

আরও পড়ুন

×