কোটি টাকা তুলে নিখোঁজ ব্যাংকের শাখা ব্যবস্থাপক, থানায় জিডি
ফাইল ছবি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৮:৩১ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১৮:৩৫
পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংক থেকে রোববার এক কোটি ৩০ লাখ টাকা তোলেন পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ কচি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ।
এ ঘটনায় জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, খালেদ সাইফুল্লাহ কচি জনতা ব্যাংকের দুটি শাখা থেকে এক কোটি ৩০ লাখ টাকা তোলার পর থেকে নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে মোহছানাতুল হক জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিট্যান্সের জন্য ঈশ্বরদী করপোরেট শাখায় আসেন। আগের দিন টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকা প্রয়োজনের কথা জানিয়ে রেখেছিলেন তিনি। খালেদ দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ এবং ঈশ্বরদী করপোরেট শাখা থেকে ১ কোটি টাকা তোলেন। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তার সঙ্গে ছিলেন।
মোহছানাতুল হক বলেন, প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর সম্পন্ন করার পর বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারে রওনা দেন। গাড়ির চালক ছিলেন ইসমাইল হোসেন। শাখায় পৌঁছে টাকা জমা দেওয়ার কথা জানালেও এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিকেল ৫টার পর ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ রোববার দাশুড়িয়া শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন।
আনসার সদস্য মাহবুব বলেন, ‘ব্যাংক থেকে টাকা তুলে ব্র্যাক ব্যাংকের ঈশ্বরদী শাখার সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে একাই চলে যান। কোথায় গেছেন তা আমি জানি না।’
নিখোঁজ ম্যানেজার খালেদ সাইফুল্লাহর স্ত্রী দিলরুবা বেগম বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে তিনি ব্যাংকের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সারাদিনে কোনো যোগাযোগ হয়নি। বিকেলে ব্যাংকের কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর জানান। জনতা ব্যাংক জেনারেল ম্যানেজার (জিএম) জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, থানায় সাধারণ ডায়েরি করেছেন জনতা ব্যাংক ঈশ্বরদী করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক। এ বিষয়ে তদন্ত চলছে। নিখোঁজ ম্যানেজারকে খুঁজে বের করারও চেষ্টা চলছে।
- বিষয় :
- পাবনা
- জনতা ব্যাংক
- নিখোঁজ
