ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী খুন, মহিলা পরিষদের উদ্বেগ

আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী খুন, মহিলা পরিষদের উদ্বেগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ০১:২০

সুনামগঞ্জের ধর্মপাশায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর হাতে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

গতকাল মঙ্গলবার মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাবেক স্বামী কর্তৃক এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আক্তার হোসেন যৌতুকের জন্য তার স্ত্রী শরিফা আক্তারকে নির্যাতন করত। এর জেরে গত ১২ জুলাই বিবাহ-বিচ্ছেদের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। পরে আক্তার হোসেন তার মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন।

বিবৃতিতে আর বলা হয়, গত ৬ অক্টোবর সোমবার মামলার হাজিরা দিতে দুই পক্ষ উপস্থিত হয়। এ সময় মেয়েকে রাখা নিয়ে সাবেক স্বামী আক্তার হোসেনের সাথে স্ত্রী শরীফা আক্তারের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আক্তার হোসেন শরীফা আক্তারকে ছুরিকাঘাত করেন। এ সময় উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় শরীফাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আদালত প্রাঙ্গণ একটি রাষ্ট্রের ন্যায়বিচার প্রাপ্তির সর্বোচ্চ স্থান। আদালত প্রাঙ্গণে প্রাক্তন স্বামীর হাতে হত্যার মত সংঘটিত ঘটনায় নারীর ন্যায়-বিচার প্রাপ্তি ও তাদের নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।

মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়, আদালত প্রাঙ্গণে প্রাক্তন স্বামীর হাতে হত্যার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে এবং জড়িতের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। এ ধরনের ঘটনায় নারী ও কন্যার সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার, ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

আরও পড়ুন

×