ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
×

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। ছবি-সমকাল

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ১৯:৪২

‘মীমাংসিত’ বিষয়ে র‍্যাগিংয়ের অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মিছিলে ‘অভিযোগকারী’ শিক্ষার্থীদেরও কেউ কেউ উপস্থিত ছিলেন। 

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে। এর আগে তারা গোলচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফিজুর ইসলাম বলেন, বহিষ্কার আদেশটি অবৈধ ও প্রহসনমূলক। আমরা জেনেছি, এ ঘটনায় ভুক্তভোগী কোনো শিক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়নি। এমনকি বিভাগীয় প্রধানদের সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্যের বিষয়টি সমাধান করে বিভাগীয় প্রধানের মাধ্যমে প্রক্টর অফিসে পাঠানো হয়। কিন্তু প্রক্টর অফিস তা আমলে নেয়নি। হঠাৎ একবছর পর এসে ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা সম্পূর্ণ প্রহসনমূলক।

এদিকে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রিফা সানজিদা বলেন, যে ঘটনায় আমাদের সিনিয়র আপুদের বহিষ্কার করা হয়েছে, সেদিন শহীদ মিনারে আমিও ছিলাম। আমরা নিজেরাই আপুদের কাছে সময় চেয়েছিলাম পরিচিত হওয়ার জন্য। সেদিন আপুরা জানতে চেয়েছিলেন, ক্যাম্পাসে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। সেখানে র‍্যাগিংয়ের মতো কিছু ঘটেনি।

অন্যদিকে বহিষ্কারাদেশ পাওয়া পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাজী তাসমিয়া হক আরিশা বলেন, প্রশাসন কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। অনতিবিলম্বে আমরা বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় ‘র‍্যাগিংয়ের’ অভিযোগে ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

×