ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমকালে সংবাদ প্রকাশের পর

খুলনায় সড়কের পাশের অবৈধ দোকান অপসারণ শুরু

খুলনায় সড়কের পাশের অবৈধ দোকান অপসারণ শুরু
×

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫ | ২২:৪৪

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড়ে লিনিয়ার পার্কের জমিতে নির্মাণ করা অবৈধ দোকান ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। দোকান অপসারণ না করলে বুধবার থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল। কেসিসির নোটিশ পেয়ে বিকেল থেকে নিজেরাই দোকান অপসারণ শুরু করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি একরামুল হক হেলাল।

এর আগে লিনিয়ার পার্ক পরিচালনা এবং পাশে কেসিসির জমিতে দোকান তুলে ভাড়া দিয়েছিলেন তারা। এনিয়ে গত মঙ্গলবার সমকালে ‘যুব ও স্বেচ্ছাসেবক দল নেতাদের নিয়ন্ত্রণ খুলনার লিনিয়ার পার্ক, সড়কের পাশে কেসিসির জমিতে দোকান তুলে ভাড়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর তৎপর হয়ে ওঠে কেসিসি।

কেসিসি কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, ‘স্থাপনা নির্মাণের সময় কাজ বন্ধ রাখতে আমরা নোটিশ করেছিলাম। তারা শোনেননি। মঙ্গলবার আমরা ২৪ ঘণ্টার মধ্যে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেই। তারা স্বেচ্ছায় নিজ খরচে স্থাপনা অপসারণ করবেন বলে জানান। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে অভিযান পরিচালনা করা হবে।

বুধবার বিকেলে সরেজমিন দেখা গেছে, সড়কের পাশে তৈরি করা দোকানের টিন খুলছেন কর্মচারীরা। তবে জনবল কম থাকায় কাজের গতি কম ছিল। ওই স্থানে যুব ও স্বেচ্ছাসেবক নেতাদের কাউকে দেখা যায়নি। এক শ্রমিক জানান, ভাইয়ের নির্দেশে টিন ও দোকান খুলে ফেলা হচ্ছে।

পরে মুঠোফোনে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু বলেন, ‘এই ব্যবসায়ীরা আগে গল্লামারী বাজারে বসতেন। বাজারটি উচ্ছেদ করায় অসহায় ব্যবসায়ীদের কথা চিন্তা করে সামান্য ভাড়ায় অস্থায়ীভাবে দোকানগুলো তৈরি করা হয়। এর অনুমতি চেয়ে কেসিসিতে আবেদনও করা হয়েছে। কিন্তু উচ্ছেদ নোটিশ পেয়ে আমরা স্বেচ্ছায় খুলে নিচ্ছি।’

আরও পড়ুন

×